আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৮ হাজার, বহিষ্কার ২১ শিক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষার ১৫তম দিনে সারাদেশে দুই শিফটে মোট ১০টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অংশ নেয়নি ২৮ হাজার ৯৮ জন পরীক্ষার্থী। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ২১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, আজকের পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, আজ সকালের শিফটে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রের মাধ্যমে ৮ লাখ ২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭ লাখ ৮০ হাজার ৪০৫ জন। সাধারণ বোর্ডে অনুপস্থিত ছিল ২২ হাজার ১৪৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে সাধারণ ৯টি বোর্ড থেকে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ২ জন এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই শিফটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫টি বিষয়ে (রসায়ন ১ম পত্র, অর্থনীতি ১ম পত্র, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, উর্দু ১ম পত্র ও ফারসি ১ম পত্র) ৪৬০টি কেন্দ্রে ৮১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৬ হাজার ৪৫৫ জন। এতে অনুপস্থিত ছিল ৫ হাজার ৪০১ জন পরীক্ষার্থী এবং বহিষ্কার হয়েছে ৭ জন।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ই-মার্কেটিং বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হয়। ৬১১টি কেন্দ্রে ১৬ হাজার ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৯২৩ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৪৭ জন পরীক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানায়, বিকেলের শিফটে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিফটে ৮টি কেন্দ্রের আওতায় মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন মাত্র ৩ জন পরীক্ষার্থী এবং তারা সবাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।
তবে বিকেলের শিফটে মাদ্রাসা, কারিগরি এবং ঢাকা বোর্ডের অধীন বিদেশের কেন্দ্রসহ বেশ কয়েকটি সাধারণ বোর্ডে কোনো পরীক্ষা ছিল না।
বিজ্ঞাপন







