Logo

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৭
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পিছিয়ে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) এনটিআরসিএর পরিচালক মোহাম্মদ মনজুরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকা পরীক্ষা ১৫ অক্টোবর থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার সংশোধিত বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ১৬ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হবে। নতুন সিদ্ধান্তের ফলে সেই সূচিতে পরিবর্তন আনা হলো।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও সংশ্লিষ্ট কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পরীক্ষার প্রবেশপত্র।

বিজ্ঞাপন

মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য ও সংশোধিত সময়সূচির জন্য এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে নজর রাখতে সংশ্লিষ্ট প্রার্থীদের বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্র জানায়, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের মৌখিক পরীক্ষা নিতে ১২টি বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে ১২টি বোর্ডে প্রতিদিন সর্বোচ্চ ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

এর আগে গত ২২ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ১৪৬ জনের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের মোট ১২ হাজার ৯৫১টি শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD