Logo

যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, কড়া জবাব নায়কের

profile picture
বিনোদন ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৭
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, কড়া জবাব নায়কের
ছবি: সংগৃহীত

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’–এর টিজার প্রকাশের পর থেকেই বিতর্কে জড়ান বলিউড সুপারস্টার সালমান খান। যুদ্ধক্ষেত্রে তার একটি বিশেষ লুক ঘিরে সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনার মুখে পড়লেও এবার সেসব নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটিতে সালমান খান অভিনয় করছেন শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে। টিজারের এক দৃশ্যে দেখা যায়, শত্রুপক্ষ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আর সে সময় হাতে কাঠের গুঁড়ি নিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সালমান। ওই দৃশ্যের অভিব্যক্তিকে ঘিরে নেটিজেনদের একাংশ হাস্যরস ও সমালোচনায় মেতে ওঠেন। কেউ কেউ একে ‘রোম্যান্টিক’ অভিব্যক্তি বলে উল্লেখ করে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে বেমানান বলেও মন্তব্য করেন। এমনকি কিছু ব্যবহারকারী অভিনেতার অবসর নেওয়ার দাবিও তোলেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন সালমান। কাইফ তাকে ওই দৃশ্যটি পুনরায় তৈরি করতে বললে সালমান মজার ছলে পোজ দেন এবং ট্রলের জবাব দেন।

বিজ্ঞাপন

সালমান বলেন, কারও কাছে এটি রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন কর্নেল জানেন কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের জওয়ানদের মনোবল চাঙ্গা রাখতে হয়। এটি মূলত সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, এসব ট্রলের কোনো মানে নেই। আগেও এমনটা হয়েছে, সামনেও হবে। আপনাদের দোয়া থাকলে এভাবেই পথ চলব।

‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটিতে গালওয়ান উপত্যকায় দেশের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন সেনার বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD