ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা

ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরই একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। শুরুতে প্রায় দুই ডজন ছবির মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রচার ও প্রস্তুতির ঘাটতির কারণে সেগুলোর সংখ্যা কমে আসে।
বিজ্ঞাপন
সব জল্পনা শেষে এখন পর্যন্ত পাঁচটি সিনেমাই চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এসব ছবি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি পেয়েছে। ফলে ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মূল আকর্ষণ হিসেবে থাকছে এই পাঁচটি চলচ্চিত্রই।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন জানিয়েছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘প্রেশার কুকার’—ভিন্নধর্মী গল্প ও ঘরানার এই সিনেমাগুলো প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে।
বিজ্ঞাপন
ঈদ মানেই বড় তারকার উপস্থিতি। এবারও গ্যাংস্টার ঘরানার ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নিয়ে আসছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে। এতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দিকের ইঙ্গিত পাওয়া গেছে। লম্বা চুল ও সানগ্লাসে অ্যাকশন দৃশ্যে শাকিব খানকে দেখা গেছে। ছবিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। প্রকাশিত টিজারে রহস্য ও উত্তেজনার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: সড়কে ইফতার করে বিপাকে দীপিকার ননদ
বিজ্ঞাপন
রেদওয়ান রনির ‘দম’ টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমায় নিশোর চরিত্রকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা যায়। বন্দিদশা, নির্যাতন এবং মরুভূমি ও পাহাড়ি অঞ্চলের দৃশ্য মিলিয়ে ছবিটি মূলত বেঁচে থাকার সংগ্রামের গল্প তুলে ধরে।
মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটিও ঈদে আলোচনায় রয়েছে। সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি অভিনীত এই ছবিটি প্রেমকেন্দ্রিক হলেও এতে রয়েছে ব্যাপক অ্যাকশন ও সহিংসতার উপাদান, যা দর্শকের আগ্রহ বাড়িয়েছে। ছবিটির ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের একটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল।
এছাড়া তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো এই গল্পে যাত্রীদের ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ অনেকে।
বেশিরভাগ সিনেমার টিজার ও পোস্টার প্রকাশ পেলেও এখনো পূর্ণাঙ্গ গান বা টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়নি। বাকি চারটি ছবির গানের অপেক্ষায় রয়েছেন দর্শক ও শ্রোতারা।








