Logo

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

profile picture
বিনোদন ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ২২:০৭
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবরে সংগীতজগতে নেমে এসেছে গভীর শোক। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের অনেক তারকা তাদের শ্রদ্ধা ও স্মৃতিকথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “পৃথিবী থেকে পরপর দুই কিংবদন্তি চলে গেলেন। ২০২২ সালে লতা মুঙ্গেশকর দিদি চলে গিয়েছিলেন, আর এখন আশা দিদিও। এমন শিল্পী আর জন্মাবেন না। আমার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই শূন্য হয়ে গেছে।”

রুনা লায়লা আরও জানান, আশা ভোঁসলে ও লতা মুঙ্গেশকর দুজনেই তাকে মায়ের মতো স্নেহ করতেন। “এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়ই তাদের সঙ্গে শেষ দেখা হয়েছিল। এরপর ফোনে কথা হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না,” বলেন তিনি।

বিজ্ঞাপন

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এই খবর শুনে স্তব্ধ হয়ে যান। তিনি বলেন, “কিংবদন্তি আশা ভোঁসলে আর নেই—এটা ভাবতেই পারছি না। ছোটবেলা থেকে তাকে চিনতাম। সামনাসামনি মাত্র দু’বার দেখার সুযোগ হয়েছিল, যা এখনও মনে দাগ কেটে আছে।”

সাবিনা ইয়াসমিন স্মরণ করেন, কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে গিয়ে আশা ভোঁসলে তার গান শুনে খুব প্রশংসা করেছিলেন। স্টুডিওতে উপস্থিত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে তিনি বলেছিলেন, “সাবিনা ইয়াসমিন অনেক ভালো গেয়েছে।”

তিনি আরও বলেন, “সেই কাজে কিশোর কুমারের সঙ্গে একটি দ্বৈত গান এবং একটি একক গান করেছিলাম। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই কাজ হয়েছিল। আশা ভোঁসলের মতো এত বড় শিল্পী হয়েও এত বিনয়ী ও মাটির মানুষ খুব কম দেখেছি। তার সান্নিধ্য না পেলে এটা বোঝা সম্ভব নয়।”

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা পড়শী সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “একটা যুগের অবসান হলো। শ্রদ্ধা আশা ভোঁসলে।”

সাত দশকেরও বেশি সময় ধরে আশা ভোঁসলে হিন্দি সিনেমাসহ একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। হিন্দির গণ্ডি পেরিয়ে আঞ্চলিক ও বাংলা গানেও তার অবদান ছিল বিপুল। তার সংগ্রহে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ। পরবর্তীতে তিনি উদীয়মান শিল্পীদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিজ্ঞাপন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতপ্রেমীদের মনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তার কণ্ঠের জাদু ও বৈচিত্র্যময় গানের ভাণ্ডার রয়ে গেল প্রজন্মের পর প্রজন্মের জন্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD