Logo

শিল্পী সমিতির নির্বাচনে মুক্তি প্যানেলের সভাপতি প্রার্থী আরমান

profile picture
বিনোদন প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৪:২৮
শিল্পী সমিতির নির্বাচনে মুক্তি প্যানেলের সভাপতি প্রার্থী আরমান
ছবি: সংগৃহীত

আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের পরিচিত মুখ ও অভিজ্ঞ সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন।

শিল্পী সমিতির বিভিন্ন কমিটিতে একাধিকবার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবারই প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন তিনি। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়বেন জনপ্রিয় অভিনেত্রী ‘চাঁদের আলো’ খ্যাত রুমানা ইসলাম মুক্তি।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতি সংলগ্ন বাগানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা দু’জনই।

এসময় আরমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দিবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব।’

মুক্তি বলেন, ‘ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব।’

বিজ্ঞাপন

এই অভিনেত্রী আরো বলেন, ‘মায়ের স্বপ্ন, শিল্পীদের অনুরোধ এবং দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা মিলেই এবার সাধারণ সম্পাদক পদে আমি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের যে সকল সমস্যা রয়েছে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। শুধু কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। গত দেড় বছরে কার্যনির্বাহী সদস্য পদে থেকেও অনেক কাজ করেছি। আমরা আগামী দিনেও কাজে প্রমাণ দিতে চাই।’

এর আগে এই নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলে জানান তিনি। তবে শেষ মুহূর্তে এসে ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই অভিনেতা।

বিজ্ঞাপন

এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD