‘ভালোবাসতে কি ভুল হয়’ গান নিয়ে ফিরছেন মেহরাব

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মঞ্চ থেকে একঝাঁক প্রতিভাবান তরুণ শিল্পীর উত্থান ঘটে, যাদের মধ্যে অন্যতম ছিলেন মেহরাব। ভিন্নধর্মী গায়কী ও উপস্থাপনার মাধ্যমে তিনি দ্রুতই শ্রোতাদের নজর কাড়েন। সেই সময় থেকে নিয়মিত সংগীতচর্চায় যুক্ত আছেন এই শিল্পী।
বিজ্ঞাপন
মাঝে কিছুদিন সংগীত থেকে বিরতিতে থাকলেও এখন আবারও নতুন উদ্যমে গানে ফিরেছেন মেহরাব। এবার তিনি নিয়ে আসছেন নতুন গান ‘ভালোবাসতে কি ভুল হয়’।
গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন মেহরাব নিজেই। সংগীতায়োজনে ছিলেন আদিব কবির।
বিজ্ঞাপন
প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে দেখা যাবে মেহরাবকেও।
নতুন গানটি নিয়ে মেহরাব বলেন, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। তবে অনেক সময় সেই ভালোবাসাই প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভুল হয়’ গানটিতে সেই আবেগই তুলে ধরা হয়েছে। তিনি জানান, গানটির কথা তার খুব ভালো লেগেছে এবং সুর ও গায়কীতেও সেই অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছেন। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও জানান।
বিজ্ঞাপন
আগামী ১১ জুন ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।








