‘নতুন দম্পতিরাও আমাদের দেখে রোমান্টিক হয়েছেন’

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’ সফলভাবে শেষ হওয়ায় আয়োজন করা হয় বর্ণাঢ্য সাকসেস পার্টির। নাটকটির ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে তিনি নাটকটি ঘিরে নিজের অভিজ্ঞতা, প্রাপ্তি এবং শুটিংয়ের নানা স্মৃতির কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে কেয়া পায়েল প্রথমেই নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেয়া পায়েল বলেন, ‘সবার প্রথমে আসলে ধন্যবাদ। রাজ ভাই (পরিচালক) হয়তো এত ধন্যবাদ পেয়েছেন যে ধন্যবাদের জায়গাটাই পূরণ হয়ে গেছে। সেখানে আমার জায়গা আছে কি না জানি না, তাও রাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। আমার মনে হয়, এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র। এখন কোথাও গেলে এই কাজটি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। নিজের ভেতর একটা প্রাউড ফিল হয় যে, না আমি খুব ভালো একটি কাজ করেছি।’
পায়েলের কথায়, ‘নাটকের প্রতিটি এপিসোড এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করে নিয়েছে যে, কোনো পর্বে মানুষ অনেক হেসেছে, আবার আমাদের রোমান্টিক দৃশ্যগুলো দেখে দর্শকেরা নতুন করে ভেবেছে। এমনকি যারা নতুন বিয়ে করেছেন, তারাও আমাদের দেখে কিছুটা রোমান্টিক হয়ে গেছেন! আর শেষ দিকের দুই-তিনটি পর্ব মানুষের হৃদয়কে এতটাই ছুঁয়ে গেছে যে, দর্শকেরা আবেগে কান্না করেছেন।’
বিজ্ঞাপন

পর্দায় সহশিল্পী খায়রুল বাসার (সামির) সঙ্গে নিজের রসায়ন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী হিসেবে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে, যে কাজটি আমরা করব, সেটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করুক। এই নাটকের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। আমার পাশে যে সামিরকে (চরিত্র) পেয়েছি, আমাদের এই জুটিটাকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। সব মিলিয়ে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি।”
অভিনেত্রীর ভাষ্যে, ‘আজ এই পরিবারটাকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, ইস্! যদি আজকেই আমরা আরেকটি এপিসোডের শুটিং করে ফেলতে পারতাম! আমরা যেভাবে প্রতিদিন শুটিং করতাম, তাতে মনেই হতো না যে শুটিং করছি। দিনগুলো খুব মিস করি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে নতুন পর্ব প্রকাশের পর দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মানুষ নিয়মিত জানতে চাইতেন পরবর্তী পর্বে কী ঘটতে যাচ্ছে। দর্শকদের এই কৌতূহল, ভালোবাসা এবং অপেক্ষা এখন খুব মিস করেন করি। অভিনয় জীবনে সামনে আরও অনেক কাজ করবেন, তবে ‘এটা আমাদের গল্প’ তার কাছে সবসময়ই বিশেষ একটি কাজ হয়ে থাকবে। কেয়া পায়েলের মতে, এটি শুধু একটি নাটক নয়, বরং তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।








