ভিন্নধর্মী চরিত্রে নেটফ্লিক্সে ঝড় তুলেছে মাধুরী দীক্ষিতের ‘মা বেহেন’

ওটিটি প্ল্যাটফর্মে বর্তমানে বেশ সক্রিয় রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। গত ৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘মা বেহেন’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই ছবিটি অনলাইনে আলোচনার শীর্ষে উঠে আসে এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সের বিশ্বব্যাপী ইংরেজি ছাড়া সিনেমার তালিকায় বর্তমানে ‘মা বেহেন’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। অল্প সময়ের মধ্যেই এমন সাফল্য পাওয়ায় ছবিটি নিয়ে দর্শক আগ্রহ আরও বেড়ে গেছে।
বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে স্প্যানিশ ভাষার ছবি ‘দ্য মার্কড ওম্যান’। তবে ‘মা বেহেন’কে ঘিরে যেভাবে আলোচনা ও দর্শক আগ্রহ বাড়ছে, তাতে এটি খুব দ্রুতই শীর্ষে পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন

ছবিটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। তিনি বলেন, দর্শকদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তা সত্যিই অসাধারণ। তার মতে, গল্প বলার ধরন, আবেগ, হাস্যরস এবং বাস্তবতার মিশ্রণই তাকে এই ছবির প্রতি আকৃষ্ট করেছিল। দর্শকরা চরিত্রগুলোর জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং পুরো গল্পের অপ্রত্যাশিত ঘটনাগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন, যা একজন শিল্পী হিসেবে তার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক।
ছবিটিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তার একটি গুরুত্বপূর্ণ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। এ বিষয়ে তৃপ্তি দিমরি বলেন, এই দৃশ্যটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এজন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন এবং চরিত্র জয়ার মানসিক অবস্থা ও আবেগ গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন। দর্শকরা যেভাবে এই দৃশ্যের সঙ্গে একাত্ম হচ্ছেন, তা তাকে অনেক অনুপ্রাণিত করছে।
পরিচালক সুরেশ ত্রিবেণীর নির্মাণে ‘মা বেহেন’ মূলত একটি মধ্যবিত্ত পরিবারের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র রেখা, একজন একক মা, যাকে ঘিরেই পুরো কাহিনি আবর্তিত হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। তার দুই মেয়ে জয়া ও সুষমা চরিত্রে আছেন যথাক্রমে তৃপ্তি দিমরি ও ধর্ণা দুর্গা।
বিজ্ঞাপন
গল্পে হঠাৎ একদিন তাদের বাড়িতে পাড়ার এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এরপর এই ঘটনাকে ঘিরে মা ও দুই মেয়েকে একের পর এক হাস্যকর, বিশৃঙ্খল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। রহস্য, পারিবারিক সম্পর্ক, আবেগ ও কমেডির মিশেলে এগিয়ে চলে ছবির কাহিনি।
ছবিটিতে আরও অভিনয় করেছেন রবি কিষাণ, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং এবং শার্দুল ভারদ্বাজ। শক্তিশালী অভিনয়, ভিন্নধর্মী গল্প এবং বিনোদনমূলক উপস্থাপনার কারণে ‘মা বেহেন’ বর্তমানে দর্শকদের অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছবিতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন








