বিয়ের রেশ না কাটতেই বড় ঘোষণা বিজয়-রাশমিকার

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আনুষ্ঠানিকতার আবহ কাটতে না কাটতেই এবার সমাজসেবামূলক এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এই তারকা দম্পতি। তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ বৃত্তি কর্মসূচি চালু করেছেন তারা।
বিজ্ঞাপন
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম সফর করেন বিজয় দেবেরাকোন্ডা। গ্রামটির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে, কারণ এটি তার বাবার জন্মস্থান। দীর্ঘদিন ধরে দর্শক ও ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের প্রতিদান দিতেই গ্রামের শিক্ষার্থীদের জন্য কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন এই অভিনেতা।
এ উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি তালিকা প্রকাশ করেন বিজয়। সেখানে বৃত্তি পাওয়ার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়। মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।
গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।
আরও পড়ুন: ভক্তদের শান্তির ঠিকানা দিলেন প্রভা
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।
এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা। খুব শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে ‘রানাবলি’ নামের নতুন একটি চলচ্চিত্রে। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।








