মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসল তারকারা

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জ্বলে উঠলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেন তিনি। মেসির এমন পারফরম্যান্স আর আর্জেন্টিনার রাজকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে ঢাকাই শোবিজ অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ, উচ্ছ্বাস ও শুভকামনা জানিয়েছেন পরীমণি, মেহজাবীন, তাসরীফ খান, কেয়া পায়েলসহ মতো জনপ্রিয় একাধিক তারকা।
বিজ্ঞাপন
ঢালিউড অভিনেত্রী পরীমণি আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে খেলা দেখার একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
এদিকে বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
বিজ্ঞাপন
লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’
আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’
বিজ্ঞাপন

মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’
একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
বিজ্ঞাপন
এদিকে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে ক্রীড়াসুলভ মনোভাব দেখিয়েছেন গায়িকা পড়শী। ব্রাজিল সমর্থক হওয়া সত্ত্বেও তিনি আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’









