আইনি জটিলতায় সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কর্ণাটকের আলোচিত ২ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারি তদন্তে তার নাম উঠে আসায় তাকে আইনি নোটিশ দিয়েছে কর্ণাটক অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, সানি লিওন এই মামলার কোনো অভিযুক্ত নন। মূলত আর্থিক লেনদেন যাচাই এবং প্রয়োজনীয় নথি সংগ্রহের অংশ হিসেবে তাকে নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান তদন্তে সানি লিওনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটি লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপরই তার পারিশ্রমিক ও চুক্তি সম্পর্কিত নথিপত্র চেয়ে নোটিশ পাঠানো হয়।
বিজ্ঞাপন

তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির কর্ণধার শিবানন্দ নীলান্নাভার উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কর্ণাটক ও মহারাষ্ট্রের প্রায় ৪০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ২ হাজার ৪০০ কোটি রুপি সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীদের বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সিআইডির অনুসন্ধানে আরও জানা গেছে, সংগ্রহ করা অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনায় ব্যয় করা হয়। ২০২৩ সালে শিবানন্দ প্রযোজিত কন্নড় সিনেমা ‘চ্যাম্পিয়ন’-এর একটি আইটেম গানে পারফর্ম করেন সানি লিওন।
‘ডিংগারা বিল্লি নানু’ শিরোনামের ওই গানের জন্য তিনি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের ধারণা, এই অর্থের উৎস হতে পারে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা। সে কারণেই অর্থ গ্রহণের বৈধতা এবং চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সানি লিওনের কাছে তার পারিশ্রমিক, চুক্তিপত্র এবং অর্থ লেনদেনের নথি জমা দিতে বলা হয়েছে। তারা জানতে চান, পুরো লেনদেন প্রক্রিয়াটি আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছিল কি না।
আরও পড়ুন: মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসল তারকারা
তদন্তের অংশ হিসেবে একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেনের নথি বিশ্লেষণ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকেই সানি লিওনের অ্যাকাউন্টে স্থানান্তরিত অর্থের তথ্য পাওয়া যায়।
বিজ্ঞাপন
এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু সানি লিওনই নন, ‘চ্যাম্পিয়ন’ সিনেমার সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।
বর্তমানে মামলার প্রধান অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশ হেফাজতে রয়েছেন। এই ঘটনায় সানি লিওনের নাম উঠে আসায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।








