‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা'

অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন নুসরাত ফারিয়া। নিয়মিত গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের কাছ থেকে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। প্রায় এক মাস আগে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পর থেকেই গানটি বিভিন্ন মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে এটির ভিউও প্রায় ৬০ লাখ।
বিজ্ঞাপন
গানটির এই সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া এবার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভিন্ন এক আয়োজনে। নতুন আবহে, কিছুটা ধীরগতির সুরে আবারও গানটি গেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওর মাধ্যমে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
এই সংস্করণে গানটি আগের তুলনায় ধীরলয়ে গেয়েছেন ফারিয়া। আর ভিডিওতে দেখা গেল, লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা পোশাক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওর ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’
বিজ্ঞাপন
ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।
উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ মিউজিক।








