সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, জানালেন সেই ভয়াল স্মৃতি

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসা নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই ভালোবাসার প্রকাশ শালীনতার সীমা অতিক্রম করে অস্বস্তিকর এমনকি ভীতিকর পরিস্থিতিরও জন্ম দেয়। এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।
বিজ্ঞাপন
বহু বছর আগের এক শুটিং সেটে নিজেরই এক সহকারী পরিচালকের কাণ্ডে রীতিমতো আতঙ্কে হাত-পা কাঁপতে শুরু করেছিল এই লাস্যময়ী তারকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এনেছেন তিনি।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। একটি সিনেমার টানা শুটিং শেষে ক্লান্ত কাজল নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কোনো আগাম অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করেন ওই সিনেমারই এক সহকারী পরিচালক। কিছু বুঝে ওঠার আগেই কোনো কথা না বলে নিজের শার্ট খুলে ফেলেন ওই ব্যক্তি। বুক চিতিয়ে কাজলকে দেখান একটি ট্যাটু; যেখানে বড় করে খোদাই করা ছিল অভিনেত্রীরই নাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক ঘটনায় রীতিমতো ঘাবড়ে যান অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে এমন আগ্রাসনে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, সেই মুহূর্তের কথা স্মরণ করে কাজল বলেন, ‘ভয়ে আমার হাত-পা কাঁপছিল।’
বিজ্ঞাপন
তবে ভয় পেলেও সাহসিকতার সঙ্গেই পরিস্থিতি সামাল দেন তিনি। কাজল মনে করেন, একজন শিল্পী হিসেবে কেউ তার নামে ট্যাটু করতেই পারে, এটি ভিন্ন বিষয়। কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
সম্প্রতি দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে কাজল ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার গুরুত্বের বিষয়টিও সামনে আনেন। তার মতে, শিল্পীদের প্রতি সম্মান দেখানোর অন্যতম শর্ত হলো তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা এবং ভক্তি প্রকাশের ক্ষেত্রেও শালীনতার সীমা বজায় রাখা।








