এবার আমির খানকে হত্যার হুমকি

বলিউড তারকাদের ঘিরে একের পর এক প্রাণনাশের হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সালমান খানের পর এবার হত্যার হুমকি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আমির খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বার্তায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট এবং সঙ্গে থাকা ভয়েস নোটে দাবি করা হয়েছে, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। আর সেই কারণেই তাকে এর চরম মূল্য চোকাতে হবে! বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে।
তবে ছড়ানো এই হুমকি বার্তাটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। হুমকি পাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা। এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এখন পর্যন্ত আমির খান বা তার টিম থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।
বিজ্ঞাপন
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম বলেন, পুলিশ নিজ উদ্যোগেই পুরো ঘটনাটি তদন্ত করছে। বর্তমানে আমির খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে তার নিরাপত্তা আরও জোরদার করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার একই গোষ্ঠীর নাম জড়িয়ে আমির খানকে ঘিরে হুমকির খবর সামনে আসায় বলিউড অঙ্গন এবং তার ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও হুমকির বার্তার সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।








