নতুন লুকে প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই

প্যারিসের ফ্যাশন উৎসবের মঞ্চে ফের রাজকীয় উপস্থিতিতে নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ২৮ সেপ্টেম্বর লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ ফ্যাশন প্রদর্শনীর সমাপনী পর্বে র্যাম্পে হাঁটেন তিনি। আইফেল টাওয়ার ও সামরিক জাদুঘরের মনোমুগ্ধকর পটভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তার নতুন সাজ বিশেষভাবে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সেলিব্রিটি সাজবিশেষজ্ঞ মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া পরেছিলেন সিরিয়ান পোশাকশিল্পী ইয়ারা শুমেকারের শরৎ-শীত ২০২৬-২৭ সংগ্রহের বিশেষভাবে তৈরি কালো মখমলের গাউন। পোশাকটিতে ছিল ত্রিমাত্রিক ঝালরযুক্ত নকশা, শরীরঘেঁষা গড়ন ও গভীর গলার অংশ। এর সঙ্গে ছিল মুক্তো ও ক্রিস্টাল দিয়ে সাজানো আকর্ষণীয় কেপ।
তবে পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার নতুন চুলের রং। প্যারিসের র্যাম্পে তাকে দেখা গেছে গাঢ় লালচে রঙের চুলে। পাশে সিঁথি করে নরম ঢেউ খেলানো চুলে তাকে দেখা যায়। নতুন এই চুলের সাজ তার পুরো উপস্থিতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
সাজ সম্পূর্ণ করতে ঐশ্বরিয়া পরেছিলেন হীরাখচিত মুকুট ও মানানসই আংটি। মেকআপে ছিল গাঢ় লাল লিপস্টিক ও চোখে টানা কাজল। কালো পোশাক, লালচে চুল ও রাজকীয় অলংকারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই আয়োজনে ঐশ্বরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের আরও বেশ কয়েকজন তারকা র্যাম্পে হাঁটেন। তবে ঐশ্বরিয়ার নতুন সাজ ও চুলের রং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে।
ফ্যাশনবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পেজেও তার এই নতুন রূপের প্রশংসা করা হয়েছে। ভক্তদের অনেকে তার রাজকীয় সাজ ও নতুন চুলের রং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ তার এই সাজকে রূপকথার চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন।
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া ঐশ্বরিয়া দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম পরিচিত ভারতীয় তারকা। প্যারিসের এবারের ফ্যাশন মঞ্চে তার নতুন রূপ সেই আন্তর্জাতিক পরিচিতিকে আবারও সামনে নিয়ে এসেছে।








