‘জেন জি’ প্রজন্মের অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে নির্মাতা সৃজিত মুখার্জির নতুন ঐতিহাসিক সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের। সিনেমায় নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও এই ‘জেন জি’ প্রজন্মের শিল্পীদের কাছ থেকে নতুন অনেক কিছু শিখছেন খ্যাতিমান এই নির্মাতা
বিজ্ঞাপন
সিনেমাটির মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত মুখার্জি জানান, প্রজন্মের ব্যবধান থাকলেও নতুন প্রজন্মের শিল্পীদের কাছ থেকে শিখতে তিনি আগ্রহী। বিশেষ করে দিব্যাণী মণ্ডলের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা বিষয় শিখছেন তিনি।
নির্মাতা জানান, ‘আমি দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছি। কীভাবে ইনস্টাগ্রামে রিলস শুট করতে হয়, গ্রিড সাজাতে হয়—এসব বিষয় শিখছি। ওরা এ ব্যাপারে অসম্ভব পটু।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন প্রজন্মের চিন্তাধারা নিয়ে সৃজিত আরও বলেন, ‘ওরা ফেসবুকটাকে ধর্তব্যের মধ্যেই রাখে না, ভাবে ওটা ‘বুমার’দের জিনিস। সমাজ, রাজনীতি, সম্পর্ক কিংবা সংগীত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বেশ চমৎকার। ঋক ও দিব্যাণীর মাধ্যমে আমি তাদের সেই দুনিয়াকে নতুনভাবে চিনেছি।’
ছোট পর্দার ‘ফুলকি’ ধারাবাহিক দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের জন্য সৃজিতের মতো হেভিওয়েট নির্মাতার সঙ্গে কাজ করা এক দারুণ অভিজ্ঞতা। তবে শুটিংয়ের শুরুর দিকে তার মনে বেশ ভয় কাজ করেছিল।
দিব্যাণী বলেন, ‘বকুনি খাওয়ার ভয়ে ছিলাম। সেজন্য আমি আর ঋকদা দুজনেই শুটিংয়ে সব সংলাপ মুখস্থ করে যেতাম। যেখানে বুঝতে পারিনি, সেখানে সৃজিত স্যার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এখন ১৫ অক্টোবরের পর দর্শক সিনেমাটি দেখে কী প্রতিক্রিয়া জানান, শুধু সেই অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
সিনেমায় উপন্যাসের জনপ্রিয় চরিত্র ‘ভারতী’র ভূমিকায় দিব্যাণীকে কেন বেছে নেওয়া হয়েছে, সে বিষয়েও কথা বলেছেন সৃজিত। তিনি জানান, ভারতী চরিত্রের মধ্যে এক ধরনের অন্তর্নিহিত সারল্য রয়েছে। উপন্যাসে সব্যসাচীর স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র পন্থা নিয়ে ভারতীর মনে নানা প্রশ্ন তৈরি হয়।
এই নিষ্পাপ ও সরল দৃষ্টিভঙ্গি পর্দায় ফুটিয়ে তুলতে এমন একজন নতুন মুখের প্রয়োজন ছিল, যাকে দর্শক আগে বড় পর্দায় দেখেননি। সেই ভাবনা থেকেই দিব্যাণীকে চরিত্রটির জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা।
নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আগামী ১৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন








