এআই দিয়ে জাহ্নবীর ভিডিও বিকৃতি, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত ‘চুট্টামাল্লে’ গানটি প্রকাশের পর ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানের দৃশ্যে জাহ্নবীর নাচ ও উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। সামাজিক মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে গানটির ভিডিও।
বিজ্ঞাপন
এবার সেই জনপ্রিয় মিউজিক ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র এনটিআর। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
প্রযুক্তির অপব্যবহারের এই ঘটনায় জুনিয়র এনটিআরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অনৈতিক কাজকে ‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ বলেও অভিহিত করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, ‘এটি অত্যন্ত নিম্নরুচির পরিচয়। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে চূড়ান্ত অসংবেদনশীলতা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিজয়ের সংযোজন, ‘কিছু মানুষের অপকর্মের কারণে এই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’ তিনি জানান, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার মতো এমন ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পুরো বিষয়টিকে ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ কাজ’ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিকৃত ভিডিওটি না দেখার পাশাপাশি সেটি শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবিও উঠেছে।
তারকারা সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে কারও ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। একই সঙ্গে এমন কর্মকাণ্ড বন্ধে প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।








