‘জাদুকর’ থেকে প্রেম, যেভাবে শুরু হয়েছিল প্রীতম-শেহতাজের সম্পর্ক

তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় তাদের দীর্ঘ প্রেম ও দাম্পত্যজীবন। প্রায় ১০ বছরের সম্পর্কের পর চার বছরের সংসারে ইতি টেনেছেন তারা। তবে একসময় কীভাবে তাদের প্রেমের শুরু হয়েছিল, তা নিয়েও ফের আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) রাতে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবর জানান প্রীতম ও শেহতাজ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পুরোনো ছবি ও বিভিন্ন স্মৃতি শেয়ার করে আবেগ প্রকাশ করছেন অনুরাগীরা। যদিও বর্তমানে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর উপস্থিতি আর তেমন দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে তাদের পুরোনো একটি সাক্ষাৎকার, যেখানে উঠে এসেছিল সম্পর্কের শুরু থেকে বিয়ের পথচলার গল্প।
২০১৭ সালে প্রকাশিত হয় প্রীতম হাসানের গান ‘জাদুকর’। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ওই কাজের সময়ই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। তবে শুরুতে বিষয়টি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন তারা। কয়েক বছর পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক পুরোনো সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছিলেন, ‘জাদুকর’-এর শুটিংয়ের সময়ই শেহতাজের সরল-সোজা স্বভাব তাকে আকৃষ্ট করেছিল। শেহতাজের সামনেই তিনি বলেছিলেন, এমন স্বভাবের মানুষ খুঁজে পাওয়া কঠিন।
প্রেমের প্রস্তাবের ধরন নিয়েও দুজনের বক্তব্য ছিল বেশ ভিন্ন। প্রীতমের ভাষ্য অনুযায়ী, তিনি সরাসরি শেহতাজকে নিজের মনের কথা জানিয়েছিলেন। এমনকি পরে শেহতাজের মায়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন।
অন্যদিকে শেহতাজ জানিয়েছিলেন, প্রীতম প্রচলিত অর্থে কখনো তাকে প্রেমের প্রস্তাব দেননি। তার ভাষায়, প্রীতম সরাসরি তাকে বলেছিলেন, তিনি তাকে বিয়ে করতে চান। এরপর শেহতাজের মায়ের কাছেও গিয়ে বিষয়টি জানান। শেহতাজের জন্য সম্পর্কের বিষয়টি সহজ ছিল না বলেও জানিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
এরপর ধীরে ধীরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং গড়ে ওঠে তাদের সম্পর্ক। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।
দীর্ঘ এক দশকের সম্পর্কের সেই পথচলার পর এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। ফলে তাদের প্রেমের শুরুর গল্পও নতুন করে আলোচনায় এসেছে।








