সালমান খানকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ নিয়ে আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদন করেছিলেন সালমান খান।এবার সেই মামলাতেই উঠল আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন। প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে সালমানের বক্তব্য জানতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান খানের জবাব চেয়ে এ নোটিশ দেন। আগামী ১৬ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রযোজক অমিত জানির দাবি, সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন শুনে সিদ্ধান্ত দেওয়ার ভৌগোলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই। এ কারণে সালমান খানের দায়ের করা মামলাটি খারিজ করা উচিত বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।
আদালতে অমিত জানির আইনজীবী যুক্তি দেন, সালমান খান মুম্বাইয়ে বসবাস করেন, আর প্রযোজক থাকেন উত্তর প্রদেশের মিরাটে। তাদের কেউই দিল্লি হাইকোর্টের বিচারিক এলাকার বাসিন্দা নন কিংবা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন না। সারা দেশের মতো দিল্লিতেও সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী প্রকাশিত হওয়াকে আদালতের এখতিয়ার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট বলেও মনে করেন না তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান। অভিনেতার অভিযোগ ছিল, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং তার জীবনের ঘটনাপ্রবাহ কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘কালা হিরাণ’। ছবিতে তার নাম, চালচলন, বাচনভঙ্গি ও আইকনিক সিনেমাগুলোর আবহ হুবহু ফুটিয়ে তোলা হয়েছে।
সালমানের দাবি, হরিণ শিকারের চারটির মধ্যে তিনটি মামলাতেই তিনি খালাস পেয়েছেন এবং বাকি আপিলগুলো এখনও রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অবস্থায় সিনেমাটিতে নাটকীয়ভাবে তার বিচার প্রক্রিয়া তুলে ধরা হলে তা নিরপেক্ষ বিচার পাওয়ার আইনি অধিকারকে ক্ষুণ্ণ করবে। সেই সঙ্গে ছবির টিজারে তাকে অপরাধী হিসেবে ইঙ্গিত করা হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি।
বিজ্ঞাপন
তবে প্রযোজকের আবেদনের পর মামলাটির মূল বিষয়বস্তুর পাশাপাশি আদালতের বিচারিক এখতিয়ারও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৬ ডিসেম্বরের শুনানিতে এ বিষয়ে আদালতের অবস্থান স্পষ্ট হতে পারে।








