Logo

‘কণ্ঠ নকল করে গালাগাল করা যায়’, সতর্ক করলেন সালমান

profile picture
বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৪
‘কণ্ঠ নকল করে গালাগাল করা যায়’, সতর্ক করলেন সালমান
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাপ্তাহিক বিশেষ পর্বে এআই প্রযুক্তির মাধ্যমে কারও কণ্ঠস্বর নকল করে বিভ্রান্তিকর কিংবা আপত্তিকর ভিডিও ও অডিও তৈরি করা সম্ভব বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর আইন ও কার্যকর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অভিনেতা।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে ছবিশিকারিদের উৎপাত, চেহারা নিয়ে কটাক্ষ ও সমালোচনার বিষয় নিয়ে কথা বলেছিলেন সালমান। এবার তার আলোচনায় উঠে আসে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান অপব্যবহারের বিষয়টি।

সালমান বলেন, প্রযুক্তির সাহায্যে খুব সহজেই কারও কণ্ঠস্বর নকল করা সম্ভব। সেই কণ্ঠস্বর ব্যবহার করে এমন কোনো কথা বলানো যেতে পারে, যা ওই ব্যক্তি কখনোই বলেননি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক ও ব্যক্তিগতভাবে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।

বিষয়টি বোঝাতে একটি উদাহরণও দেন সালমান। তিনি বলেন, ‘ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ডাব করে কাউকে গালাগাল দিয়ে দিল!’

বিজ্ঞাপন

অভিনেতার মতে, এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও বা অডিও অনেক সময় এতটাই বিশ্বাসযোগ্য হয় যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে যাচাই না করেই অনেকে ভুয়া কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেনেশুনে যারা এ ধরনের ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের নিয়েও কঠোর মন্তব্য করেন সালমান। তার ভাষায়, ‘ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।’

বিজ্ঞাপন

এআইয়ের অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করা যাবে এবং কী যাবে না, সে বিষয়ে আরও কঠোর নিয়ম থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে এ ধরনের কনটেন্টের ওপর কার্যকর নিয়ন্ত্রণ জরুরি বলেও মন্তব্য করেন সালমান।

এদিকে ‘বিগ বস ২০’ থেকে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বাদ পড়েছেন বাদশার সাবেক স্ত্রী ঈশা রিখী।

কাজের দিক থেকে সালমান খানের হাতে রয়েছে একাধিক সিনেমা। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তার ‘মাতৃভূমি’ সিনেমাটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি অ্যাকশন সিনেমায় কাজ করছেন তিনি। ছবিটির নাম আপাতত ‘মনস্টার’ রাখা হয়েছে। এতে সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD