Logo

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরান, ৫ জনের প্রাণহানি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরান, ৫ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

ইরানে একই দিনে পৃথক দুই শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এসব বিস্ফোরণ ঘটে। সবশেষ ঘটনায় ৪ জন নিহত হয়।

বিজ্ঞাপন

ইরানের স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উভয় বিস্ফোরণের পেছনেই গ্যাস লিকের সম্ভাব্য ভূমিকা রয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে এই ঘটনাগুলো দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহেরকে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেহরান টাইমস পত্রিকা জানিয়েছে।

বিজ্ঞাপন

বন্দর আব্বাসের ঘটনায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মোআল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় একাধিক যানবাহন ও দোকান।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে। মেহের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আমার সহকর্মীরা বিস্তারিত তথ্য জানাবেন’। আঞ্চলিক কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ মেহেরকে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্য বিস্ফোরণটি ঘটে ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরের কিয়ানশাহর এলাকায় একটি আবাসিক ভবনে। তেহরান টাইমস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বন্দর আব্বাস ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল। এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে বন্দর আব্বাসের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরণের বিস্ফোরণ স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কথা বলছে’। তবে, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ ব্যাপারে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে মিত্র দেশগুলোকেও সবকিছু জানানো সম্ভব নয়। দেখা যাক আমরা কিছু করতে পারি কি না, না হলে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখা হবে। সেখানে আমাদের একটি বড় নৌবহর যাচ্ছে।

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনও সংঘাতই দুই দেশের বা পুরো অঞ্চলের স্বার্থে ভালো কিছু নয়। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনও যুদ্ধ চায়নি এবং কোনোভাবেই যুদ্ধ চায় না।’

এছাড়া শনিবার তেহরানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই আলোচনার অন্তর্ভুক্ত হবে না।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD