Logo

আবারও জোরালো হচ্ছে জেন-জি বিক্ষোভ, উত্তাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪
আবারও জোরালো হচ্ছে জেন-জি বিক্ষোভ, উত্তাল ইরান
ছবি: সংগৃহীত

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে ইরানে আবারও সক্রিয় হয়ে উঠেছে জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার টানা দ্বিতীয় দিনের মতো সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ শুরু করে তরুণদের একাংশ। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থক তরুণ-তরুণীরাও মিছিল ও সমাবেশের আয়োজন করে।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহলভি–এর আমলের পতাকা হাতে মিছিল করছেন। সেখানে সরকারবিরোধী নানা স্লোগানের পাশাপাশি দেশে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিও তোলা হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের দুর্বলতম মুদ্রাগুলোর একটি হিসেবে বিবেচিত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকানমালিকরা আন্দোলন শুরু করেন। পরে তা বিস্তৃত হয়ে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ওই বিক্ষোভের প্রতি সমর্থন জানান এবং প্রয়োজনে ইরানে সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দেন। তবে পরবর্তীতে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

পরমাণু ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। সরকারি তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি–এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। অন্যদিকে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ডিসেম্বর-জানুয়ারির আন্দোলনে প্রাণহানির সংখ্যা প্রায় ১৫ হাজার পর্যন্ত হতে পারে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD