নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৮ জন নিহত

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে উল্টে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্স–এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা বার্তা সংস্থা এএফপিকে জানান, মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল। পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় দুর্ঘটনাবশত বাসটি পাশের ত্রিশুলি নদীতে পড়ে যায়। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, দুর্ঘটনা ঘটার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত বাস এবং নদী থেকে মোট ১৮ জন যাত্রীর মরদেহ এবং ২৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন নাগরিক আছেন এবং তিনি পুরুষ। আর আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দু’জন নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, দুর্ঘটনার জন্য বাসটির উচ্চগতি দায়ী।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি








