Logo

হঠাৎ রেড অ্যালার্ট জারি করলো আরব আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৬:৪৪
হঠাৎ রেড অ্যালার্ট জারি করলো আরব আমিরাত
ছবি: সংগৃহীত

চলমান বৈরী আবহাওয়ার মধ্যে সংযুক্ত আরব আমিরাত-এ দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। মঙ্গলবার (২৪ মার্চ) পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ঘন মেঘপুঞ্জ আল ধাফরা ও আবুধাবি অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ কঠোর নির্দেশনা জারি করেছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পিচ্ছিল রাস্তায় গতিসীমা কম রাখা, সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা, হেডলাইট ও ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী: ওয়াদি এলাকায় প্রবেশ: ২,০০০ দিরহাম জরিমানা, ২৩টি ট্রাফিক পয়েন্ট, ৬০ দিনের জন্য গাড়ি জব্দ, প্লাবিত এলাকায় ভিড়: ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ট্রাফিক পয়েন্ট,উদ্ধার কাজে বাধা: ১,০০০ দিরহাম জরিমানা, ৪টি পয়েন্ট এবং গাড়ি জব্দের সম্ভাবনা।

দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলা হয়েছে, বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে পরামর্শ, ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দুবাই মিউনিসিপ্যালিটি জানিয়েছে, জলাবদ্ধতা এড়াতে নির্ধারিত ড্রেন ব্যবহার করতে হবে এবং কোনো অবস্থাতেই ম্যানহোলের ঢাকনা খোলা যাবে না। কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে দ্রুত ৮০০৯০০ নির্ধারিত নম্বর বা হোয়াটসঅ্যাপে জানাতে অনুরোধ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি-বিদেশি সকল বাসিন্দাকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD