Logo

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ৩ হাজার ৩৭৫ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১৭:২১
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ৩ হাজার ৩৭৫ জন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৫ জনে। সোমবার (২০ এপ্রিল) ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের বরাতে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এখনও চারটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, হামলায় ব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রের তীব্রতার কারণে শুরুতে প্রায় ৪০ শতাংশ মরদেহ শনাক্ত করা যায়নি। পরে তেহরান, ইসফাহান ও হরমোজগানসহ বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞদের সহায়তায় সেগুলো শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মাসজেদির ভাষ্য, নিহতদের বড় একটি অংশই ছিলেন বেসামরিক নাগরিক—যাদের মধ্যে শিশু, বয়স্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলাকে তিনি বিশেষভাবে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেন। ওই ঘটনায় ১৬৮ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। দেশজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় বসলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধানে পৌঁছানো যায়নি। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

বিজ্ঞাপন

প্রথম দফার আলোচনায় অগ্রগতি না হওয়ার পেছনে ইরানের দুটি শর্ত প্রধান বাধা হিসেবে দেখা দেয়। যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও এ বিষয়ে নিশ্চয়তা চায় তেহরান। এদিকে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার জেরে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD