Logo

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৪:২৬
ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। রোববার স্থানীয় সময় দুপুরে চাবাহার বন্দরের কাছে ‘তৌস্কা’ নামের জাহাজটি আটক করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে প্রথমে থামার নির্দেশ দেওয়া হলেও ক্রুরা তা মানেনি। পরে জাহাজটি আটক করে মার্কিন বাহিনী। জাহাজের ক্যাপ্টেনসহ সব ক্রু বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। তবে তাদের সংখ্যা বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, জাহাজটির মালিক ইরানের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি ইরান শিপিং লাইনস, যা ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

সেন্টকম আরও জানায়, জাহাজটিতে তল্লাশি চালিয়ে সামরিক কাজে ব্যবহারযোগ্য কিছু উপকরণ পাওয়া গেছে, যার মধ্যে ধাতু, পাইপ এবং ইলেকট্রনিক সরঞ্জাম রয়েছে।

আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ‘তৌস্কা’ সম্প্রতি চীনের সাংহাই ও গাওলান বন্দর এবং মালয়েশিয়ার ক্লাং বন্দরে নোঙর করেছিল। সেখান থেকে কন্টেইনার নিয়ে ইরানের চাবাহার বন্দরের দিকে যাত্রা করছিল জাহাজটি।

এ ঘটনার পর চীন, ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজ জব্দকে ‘বলপ্রয়োগমূলক আটক’ বলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংলাপের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জাহাজ ও ক্রুদের মুক্তির দাবি জানিয়েছে। আইআরজিসি একে ‘ডাকাতি’ আখ্যা দিয়ে বলেছে, তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল, তবে জাহাজে পরিবারের সদস্য থাকার কারণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD