Logo

ইরানি কার্গো জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে তেহরানের তীব্র নিন্দা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৫:১৯
ইরানি কার্গো জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে তেহরানের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তৌস্কা’ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জব্দ করায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। একই সঙ্গে জাহাজ ও এর ক্রুদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘটনাকে ‘জলদস্যুতা’ ও ‘সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, “ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করা মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জলদস্যুতার শামিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা এই অবৈধ ও সহিংস পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাহাজ, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে মুক্তির আহ্বান জানাই।”

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং দেশের জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় ইরান কোনো ধরনের আপস করবে না।

বিজ্ঞাপন

এর আগে রোববার স্থানীয় সময় দুপুরে ওমান উপসাগরে চাবাহার বন্দরের কাছে ইরানি জাহাজটি জব্দ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। জাহাজটির মালিক ইরানের রাষ্ট্রীয় শিপিং সংস্থা ‘ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইনস’, যেটি ২০১৯ সাল থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সেন্টকমের দাবি, জাহাজটিকে থামার জন্য সংকেত দেওয়া হলেও ক্রুরা তা মানেননি। পরে অভিযান চালিয়ে জাহাজের ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়। তবে কতজন ক্রু ছিলেন বা তাদের জাতীয়তা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

ইরানের শিপিং সংস্থাটি দেশটির রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণাধীন। সাধারণত এসব জাহাজে ইরানি ক্রুরাই থাকেন, তবে কিছু ক্ষেত্রে অন্য দেশের নাগরিকও নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সেন্টকম আরও জানায়, জাহাজে তল্লাশির সময় সামরিক কাজে ব্যবহারযোগ্য কিছু উপকরণ পাওয়া গেছে। এর মধ্যে ধাতব সরঞ্জাম, পাইপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকার কথা উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD