১৫ বছর পর সরে দাঁড়াচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও হচ্ছেন টার্নাস

প্রায় দেড় দশক ধরে নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি সিইও হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং কোম্পানির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
এক আনুষ্ঠানিক ঘোষণায় অ্যাপল জানিয়েছে, কুকের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেবেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকা টার্নাসকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হিসেবেই বিবেচনা করছে কোম্পানি।
বিবৃতিতে কুক বলেন, অ্যাপলের সিইও হিসেবে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এমন একটি অসাধারণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।
বিজ্ঞাপন
১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়া কুক ২০১১ সালে প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর কোম্পানির হাল ধরেন। তার নেতৃত্বে অ্যাপল শুধু আইফোননির্ভর কোম্পানি থেকে বেরিয়ে এসে অ্যাপল ওয়াচ, এয়ারপডসসহ বিভিন্ন নতুন পণ্য বাজারে আনে এবং পরিষেবা খাতেও ব্যাপক সম্প্রসারণ ঘটায়।
বিশ্লেষকদের মতে, কুকের সময়ে অ্যাপলের বাজারমূল্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে প্রযুক্তি খাতের অন্যতম সফল নির্বাহীদের কাতারে নিয়ে গেছে। বিশেষ করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনায় তার দক্ষতা কোম্পানির উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাকে শক্তিশালী করেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, নতুন সিইও হিসেবে দায়িত্ব নিতে যাওয়া জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা, নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনা এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণ—এসব বিষয় তার নেতৃত্বের ওপর নির্ভর করবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের ভবিষ্যৎ পথচলার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে টার্নাসের সিদ্ধান্তগুলো বড় ভূমিকা রাখবে।
সূত্র: এএফপি








