নতুন ‘চমক’ দেখাতে প্রস্তুত আইআরজিসি, কঠোর জবাবের হুঁশিয়ারি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, শত্রুর প্রত্যাশার বাইরে নতুন সাফল্য ও ‘চমক’ দেখাতে তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে নতুন কোনো আগ্রাসন হলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিজেদেরকে একটি শক্তিশালী জনভিত্তিক সামরিক বাহিনী হিসেবে উল্লেখ করে জানায়, তারা বড় অর্জন ও নতুন সক্ষমতা নিয়ে যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত।
বিবৃতিতে দাবি করা হয়, আইআরজিসি এবং দেশটির সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সমন্বিত কৌশলগত সক্ষমতায় ইরানি জনগণ গর্বিত। এতে আরও বলা হয়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান চাপের মুখে পড়েছে এবং দুর্বল হয়ে গেছে।
বিজ্ঞাপন
বর্তমান পরিস্থিতিকে ‘সামরিক সংঘাতে নীরবতা’ হিসেবে আখ্যা দিয়ে আইআরজিসি বলেছে, আলোচনা বা যুদ্ধবিরতির মতো পরিস্থিতিতেও শত্রুপক্ষের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনী—বিশেষ করে আইআরজিসির উদ্যোগে—অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করা হয়।
বিজ্ঞাপন
শেষে আইআরজিসি জানায়, তারা সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। নতুন কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিক, সিদ্ধান্তমূলক ও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে, যা শত্রুর কল্পনার বাইরে আঘাত হানবে।
সূত্র: তাসনিম নিউজ








