ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সারকে প্রবেশে করতে দিলো না যুক্তরাজ্য

মুসলিমদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও বর্ণবাদী উসকানির অভিযোগে পরিচিত মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে। আগামী মাসে কট্টর ডানপন্থি নেতা টমি রবিনসনের একটি সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তার ভিসা কার্যক্রম স্থগিত করে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তার উপস্থিতি জনস্বার্থের পরিপন্থী।
বিজ্ঞাপন
শুরুতে তাকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেওয়া হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর মুসলিম কাউন্সিল অব ব্রিটেন, মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকে–সহ একাধিক সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, অন্যদের ক্ষেত্রে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যে প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও গোমেজের মতো একজন প্রকাশ্যে কোরআন পোড়ানো ব্যক্তিকে অনুমতি দেওয়া প্রশ্নবিদ্ধ।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে পাঠানো এক চিঠিতে মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকে জানায়, তাকে উগ্র ডানপন্থি সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তা ধর্মীয় ও বর্ণবাদী বিদ্বেষকে বৈধতা দেওয়ার শামিল হবে।
বিজ্ঞাপন
কলম্বিয়ায় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ভ্যালেন্টিনা গোমেজ মুসলিমবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আগে থেকেই বিতর্কিত। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় তিনি ফ্লেমথ্রোয়ার ব্যবহার করে প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ান এবং ইসলামকে “চিরতরে থামানোর” আহ্বান জানান বলে অভিযোগ রয়েছে।
তিনি একাধিকবার মুসলিমদের ‘ধর্ষক’ ও সহিংস বহিরাগত হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন। গত বছর সেপ্টেম্বর মাসে লন্ডনে এক সমাবেশেও তিনি একই ধরনের বিতর্কিত মন্তব্য করেন।
গোমেজ ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবেও পরিচিত। গাজায় ইসরায়েলি হামলার সময় পপকর্ন খাওয়ার ভিডিও প্রকাশ করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
বিজ্ঞাপন
এর আগে পূর্ববর্তী লেবার সরকার গত সেপ্টেম্বরে তাকে যুক্তরাজ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেও এবার ব্যাপক চাপের মুখে তার প্রবেশাধিকার বাতিল করা হলো। বিশ্লেষকদের মতে, সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নিষেধাজ্ঞার পর ভ্যালেন্টিনা গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে উদ্দেশ করে কটূক্তিমূলক মন্তব্য করেন এবং হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে তিনি নৌকায় করেও যুক্তরাজ্যে প্রবেশ করবেন।
বিজ্ঞাপন
সূত্র: মিডল ইস্ট মনিটর, স্কাই নিউজ








