যুদ্ধবিরতি বাড়াতে কূটনৈতিক আলোচনা চলছে: লেবানন প্রেসিডেন্ট

লেবাননের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি জাতীয় স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়ে সতর্ক করে বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় বাধা সৃষ্টি বা শান্তি বিঘ্নিত করার কোনো ধরনের চেষ্টা সহ্য করা হবে না।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আউন বলেন, লেবাননের ইতিহাসের এই সংকটময় সময়ে সাম্প্রদায়িক ও নাগরিক শান্তি রক্ষা একটি ‘রেড লাইন’ বা অতিক্রম অযোগ্য সীমা। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম
এদিকে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং এর মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে লেবাননের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাওয়াদ। তিনি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি বাহিনীর ঘরবাড়ি ধ্বংসের কার্যক্রম বন্ধের দাবি জানাবেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট আউন আরও জানান, এই আলোচনার অগ্রগতি চারটি প্রধান শর্তের ওপর নির্ভর করছে। এগুলো হলো—ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, বন্দিবিনিময় বা কারামুক্তির বিষয়ে সমঝোতা এবং দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাবাহিনীর পূর্ণ মোতায়েন নিশ্চিত করা।
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম কমালো চীন
লেবানন সরকার আশা করছে, এসব আলোচনার মাধ্যমে দেশটিতে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








