Logo

হরমুজে মাইন অপসারণ করতে লাগতে পারে ৬ মাস: যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৩:৪৩
হরমুজে মাইন অপসারণ করতে লাগতে পারে ৬ মাস: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ইরানি বাহিনী পেতে রাখা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। পুরো এলাকা সম্পূর্ণ মাইনমুক্ত করতে আনুমানিক ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে একাধিক সূত্রের বরাতে বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৈঠকে কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে মাইনমুক্ত করতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন হতে পারে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে জলমাইন পাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, অন্তত এক ডজনেরও বেশি মাইন বিভিন্ন স্থানে বসানো হয়েছিল।

তবে কোন স্থানে মাইন পাতা হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় সেগুলো শনাক্ত ও অপসারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর এই কাজ আরও জটিল হয়ে ওঠে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বিজ্ঞাপন

এদিকে প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে।

এর আগে ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরদিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালি ও ইরানি সামরিক বন্দরে অবরোধের ঘোষণা দেওয়া হয়। কিছুক্ষণ পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, হরমুজ থেকে মাইন অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD