শিগগিরই উদ্বোধন হচ্ছে রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সড়কসেতু

রাশিয়া ও উত্তর কোরিয়াকে সংযুক্তকারী তুমেন নদীর ওপর নির্মিত সড়কসেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এই সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পরবর্তীতে প্রায় এক বছর পর প্রকল্পের কাজ শুরু হয়।
উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ দূতাবাসও সেতুর অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন পর্যন্ত তুমেন নদীর ওপর ৮৫০ মিটার দীর্ঘ সড়কসেতুর নির্মাণকাজ শেষ হবে। এটি রাশিয়ার হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।
বিজ্ঞাপন
তবে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার পুরো অংশই তুমেন নদী দ্বারা বিভক্ত। নদীর এক পাশে রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের খাসানস্কি জেলা এবং অন্য পাশে উত্তর কোরিয়ার রাসন শহর অবস্থিত।
এই নদীর ওপর আগে থেকেই একটি রেলসেতু রয়েছে, যা ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মিত হয়। নতুন করে যুক্ত হচ্ছে সড়কসেতু।
বিজ্ঞাপন
রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের গভর্নর ওলেগ কোঝেমায়াকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সেতুটি চালু হলে ভ্লাদিভস্তক ও রাসনের মধ্যকার দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার কমে যাবে। এতে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি মনে করেন।
২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের সফরের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। এর আগে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো উত্তর কোরিয়ার ওনসান শহরে রুশ–উত্তর কোরিয়া মৈত্রী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








