শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে ভারতের মানুষ: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের মুখে পড়েছেন। তিনি রেডিও উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে ভারত, চীনসহ কয়েকটি দেশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে।
বিজ্ঞাপন
‘স্যাভেজ নেশন’ নামের ওই পডকাস্টে স্যাভেজ যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে সমালোচনা করে দাবি করেন, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের মানুষ যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিয়ে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক বানাচ্ছেন। তার ভাষায়, এই সুযোগ নিয়ে পরে তারা পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পথ তৈরি করছেন।
এ সময় তিনি ভারত ও চীনের অভিবাসীদের নিয়েও কটূক্তি করেন, যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই জন্মসূত্রে নাগরিকত্বের বিরোধিতা করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে এ ধরনের সুবিধা নেই। তবে বাস্তবে কানাডা, মেক্সিকোসহ প্রায় ৩০টির বেশি দেশে এই নীতি চালু রয়েছে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন কিছু ক্ষেত্রে এই সুবিধা সীমিত করতে নির্বাহী আদেশ জারি করে, যা নিয়ে দেশজুড়ে আইনি বিতর্ক শুরু হয়।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুই নাগরিকত্ব পাওয়ার অধিকারী। তবে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ এই সাংবিধানিক বিধানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বিজ্ঞাপন
বর্তমানে বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ বিষয়ে আদালতের রায় ভবিষ্যতে দেশটির নাগরিকত্ব নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, আদালত যদি তার বিপক্ষে রায় দেয়, তবে তা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদার জন্য ক্ষতিকর হতে পারে।
সূত্র: এনডিটিভি








