বালিতে হোটেলে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ৪ ভারতীয় পর্যটক

ইন্দোনেশিয়ার বালির একটি বিলাসবহুল রিসোর্টে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চার ভারতীয় পর্যটক। পরে স্থানীয় কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে গত ১৯ এপ্রিল সকালে, গিয়ানয়ার এলাকার আসভারা রিসোর্ট উবুদে। চেক আউটের সময় রিসোর্ট কর্তৃপক্ষ সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পর্যটকদের ব্যাগ তল্লাশি করা হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কর্মীরা তাদের স্যুটকেস খুলে বিভিন্ন সামগ্রী বের করে যাচাই করছেন।
বালি টাইমসের তথ্য অনুযায়ী, চার পর্যটক ১৬ এপ্রিল দুটি কক্ষ বুক করেছিলেন। চেক আউটের সময় দেখা যায়, কক্ষের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিখোঁজ। এতে সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়।
বিজ্ঞাপন
তল্লাশিতে হোটেলের তোয়ালে, বাথরোব, হেয়ার ড্রায়ার, ডোরম্যাট, খাবারের সরঞ্জাম এমনকি টেলিভিশন রিমোটের বক্সসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এসব দেখে বিস্মিত হন হোটেল কর্তৃপক্ষ।
পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ চেক আউট প্রক্রিয়া স্থগিত করে। স্থানীয় পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঘটনা ঘটে। পরে পর্যটকরা নিজেদের ভুল স্বীকার করে সব সামগ্রী ফেরত দিলে উভয় পক্ষ আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়। ফলে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: ঝালমুড়ি নিয়ে তৃণমূলকে খোঁচা মোদির
বিজ্ঞাপন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিদেশে দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে মন্তব্য করেছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








