শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ফিলিপাইন, নিহত বেড়ে ৬১

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৬১ জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার (৯ জুন) ঘটে যাওয়া এই ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
দেশটির অফিস অব সিভিল ডিফেন্স (ওসিডি) এবং স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ ২৬ জন নিহত ও ১৪৭ জন আহত হওয়ার তথ্য জানায়। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
বিজ্ঞাপন
সেবু প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল বোগো শহর। সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
ওসিডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার ও শনাক্তকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভয়াবহ এ দুর্যোগের পর সেবু প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি তহবিল ব্যবহার করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে পারছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও মজুতদারি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৭ রিখটার স্কেল বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৯ জানানো হয়।
আরও পড়ুন: ওমানের বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বোগো শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। স্বল্প গভীরতার কারণে এর তীব্রতা ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সেবু ছাড়াও আশপাশের একাধিক প্রদেশ এবং দক্ষিণাঞ্চলের কিছু এলাকাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
সূত্র: শিনহুয়া








