Logo

ট্রাম্পের আজই চুক্তি হওয়ার দাবি উড়িয়ে দিলো তেহরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১৭:০৯
ট্রাম্পের আজই চুক্তি হওয়ার দাবি উড়িয়ে দিলো তেহরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরানের সঙ্গে রোববারই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

রবিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আলোচনায় থাকা সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি।

ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা অব্যাহত থাকলেও তেহরানের অবস্থান এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

এদিকে সম্ভাব্য এই চুক্তি ইরানের কট্টরপন্থী মহলের সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, চুক্তিটি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশের প্রভাব কমে যেতে পারে।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের সঙ্গে একটি সমঝোতা রোববারই হতে পারে। তার মতে, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, ইরানি আলোচকরা যখন এখনো সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানাচ্ছেন, তখন ট্রাম্প অস্বাভাবিক তাড়াহুড়া করে চুক্তি স্বাক্ষরের কথা বলছেন। আইআরজিসির ধারণা, নিজের জন্মদিনে একটি কূটনৈতিক সাফল্য তুলে ধরতেই তিনি এ ধরনের চাপ সৃষ্টি করছেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। তিনি দাবি করেন, ওই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, তার প্রশাসনের আলোচনার ফল ভিন্ন হবে এবং তা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD