এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে বহিষ্কার করল সৌদি আরব

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪ থেকে ১০ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ৭ হাজার ৯৮৯ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১০ হাজার ৭০০ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ১৪ হাজার ২৬৮ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ২৪০ জনের ট্রাভেল পারমিট সম্পন্ন করা হয়েছে, যাতে তাদের দেশে ফেরত পাঠানো যায়।
বিজ্ঞাপন
এ ছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা চাকরির সুযোগ দিয়ে আইন লঙ্ঘনে সহযোগিতার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ২২ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইনসংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করতে গিয়ে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








