Logo

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৩:৩৬
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হেলিকপ্টার দুটি একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় বিধ্বস্ত হলে সেখানে থাকা একাধিক বৈদ্যুতিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রবিবার সকালে শহরের পশ্চিমাঞ্চলের রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আকাশে সংঘর্ষের পর দুটি হেলিকপ্টার একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এসব ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজকে আরও কঠিন করে তোলে। তিনি জানান, সাধারণ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির আগুন নেভাতে কয়েক গুণ বেশি পানি প্রয়োজন হয়।

দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল। তবে হেলিকপ্টার দুটি আবাসিক এলাকায় না পড়ে পার্কিং লটে বিধ্বস্ত হওয়ায় সম্ভাব্য প্রাণহানি অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা।

উদ্ধার অভিযানে পার্কিং এলাকায় থাকা জ্বলন্ত গাড়িগুলোর মধ্যে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর হেলিকপ্টারটি প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ব্রাজিলে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এই দুর্ঘটনার আগ পর্যন্ত দেশে অন্তত ৮৪টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD