Logo

আর কোনও হামলা নয়, বললেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৪:০১
আর কোনও হামলা নয়, বললেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সব পক্ষকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অঞ্চলটিতে একটি শান্তি চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে, তাই নতুন করে কোনো হামলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

বিজ্ঞাপন

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার সমালোচনা করে বলেন, লেবাননের রাজধানী বৈরুতে এমন হামলা চালানো উচিত হয়নি। তিনি দাবি করেন, লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার ব্যাপারে অগ্রগতি হয়েছে।

ট্রাম্প জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। তাই সবাইকে সংযম প্রদর্শন করে আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

একই দিনে দেওয়া আরেক বার্তায় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি হয়েছে। তার দাবি, সমঝোতা চূড়ান্ত হলে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে এই বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান দেয়নি ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, তেহরান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি।

যদিও ইরানি কর্মকর্তারা বলছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তবে তারা জোর দিয়ে বলেছেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তি নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, কয়েকটি মধ্যস্থতাকারী দেশ ইঙ্গিত দিয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধিদল রোববার তেহরানে পৌঁছেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলমান আলোচনার শেষ ধাপ সহজ করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, আলোচনার সঙ্গে সম্পৃক্ত কয়েকটি পক্ষও জানিয়েছে যে, অচিরেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি ও রয়টার্স।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD