আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার দেশটির মিন্দানাও দ্বীপসংলগ্ন এলাকায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্র এক সপ্তাহ আগে একই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছিল।
বিজ্ঞাপন
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও উপকূল থেকে গভীর সমুদ্রে, ভূ-পৃষ্ঠের প্রায় ১১২ কিলোমিটার নিচে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দাভাও ওরিয়েন্টাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কাইজার ক্যাডিজ জানান, ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা নজরদারিতে রেখেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে সমুদ্রের পানির অস্বাভাবিক পরিবর্তন বা সুনামির সম্ভাব্য কোনো লক্ষণ আছে কি না, সেটিই পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত ৮ জুন মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ভবন ধস, ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন এবং পুরো অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
সূত্র: এএফপি








