ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বর্ণনা দিলেন মাদুরোর ছেলে

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বিজ্ঞাপন
কারাকাসের সান বার্নার্দিনো এলাকার একটি ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে গুয়েরা বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় তাকেও সরাসরি মাঠে নেমে কাজ করতে হচ্ছে।
তিনি জানান, রাজধানী কারাকাসে অন্তত চারটি ভবন ধসে পড়ার খবর পেয়েছে সরকার। এর মধ্যে সান বার্নার্দিনো এলাকায় দুটি, পিন্টো সালিনাসে একটি এবং এল পারাইসো এলাকায় একটি ভবন রয়েছে। ধসে পড়া এসব ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
গুয়েরা আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পঞ্চাশ ও ষাটের দশকে নির্মিত অনেক পুরোনো ভবন রয়েছে। এছাড়া পূর্ব কারাকাসের চাকাও ও বারুতা পৌরসভাতেও ভবন ধসের ঘটনা ঘটেছে। এখনো পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি, তবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, রাজধানীর পাশাপাশি লা গুয়াইরা ও ফ্যালকন রাজ্যেও ভূমিকম্পের প্রভাব গুরুতর আকার ধারণ করেছে।
এদিকে ভূমিকম্পের পর দেশবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন নিকোলাস মাদুরো। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস সবাইকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
বিজ্ঞাপন
চলতি বছরের শুরুতে কারাকাসের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগ রয়েছে।








