ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ট্রাম্প

শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ও মহান বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভূমিকম্প পরিস্থিতি নিয়ে পাওয়া তথ্য উদ্বেগজনক। এই দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই বিষয়ে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা কার্যক্রম সমন্বয়ের কাজ চলছে।
বিজ্ঞাপন
এদিকে ভেনেজুয়েলায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির ৭ দশমিক ৫। দুটি কম্পনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় শহর কাতিয়া লা মারে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। পাহাড়ি ঢালে অবস্থিত একাধিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে এসেছে।
বিজ্ঞাপন
উদ্ধারকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ শতাধিক মানুষকে। সেনা, পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সমন্বিত দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের নিরাপত্তা ও সহায়তা সংস্থা একযোগে কাজ করছে।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন








