Logo

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রাথমিক চুক্তি স্বাক্ষর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১৩:৩৩
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রাথমিক চুক্তি স্বাক্ষর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত কমানোর লক্ষ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। কয়েক দফা আলোচনার পর হওয়া এই চুক্তিকে উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠার পথে প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে ওয়াশিংটনে লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার ত্রিপক্ষীয় নথিতে স্বাক্ষর করেন। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান অব্যাহত রাখার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই উদ্যোগ একটি কঠিন প্রক্রিয়ার সূচনা হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে এক বিবৃতিতে তিনি জানান, ‘মিলিটারি কোঅর্ডিনেশন গ্রুপ ফর লেবানন’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে। এ জন্য উল্লেখযোগ্য সম্পদ বরাদ্দের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এই সমঝোতাকে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার দাবি করেন, ইরান ও হিজবুল্লাহর প্রভাব কমে এসেছে এবং দুই দেশের মধ্যে শান্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, এই চুক্তির ফলে বাস্তুচ্যুত নাগরিকরা নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ পাবেন এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।

তবে সমঝোতার পরও উত্তেজনা পুরোপুরি থামেনি। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে পরিচালিত অভিযানে হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছেন। যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এদিকে দক্ষিণ লেবাননের মনসুরি এলাকায় বাসিন্দাদের সরে যেতে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ ধরনের নির্দেশ প্রথমবার দেওয়া হলো।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD