Logo

এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন, ২০২৬, ২০:৩৪
এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

এ পর্যন্ত আফগানিস্তানের কোনো এলাকা থেকে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান। বিশেষ করে দেশটির হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর একটি।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া আফগানিস্তানের হেরাত অঞ্চলসহ বেশ কিছু এলাকা প্রধান চ্যুতি রেখার ওপর অবস্থিত; যা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে অঞ্চলটিতে ভূকম্পনের প্রবণতা বেড়েছে। গত শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৩ মাত্রার এসব কম্পনে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি ও রাখনিসহ কয়েকটি প্রত্যন্ত এলাকায় মাটির তৈরি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD