আফগানিস্তান সীমান্তে ভয়াবহ হামলা পাকিস্তানের, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারার জানান, পূর্ব আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে অবস্থিত তিনটি সশস্ত্র ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। এসব হামলায় সংশ্লিষ্ট ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আফগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, অভিযানে মূল লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের ব্যবহৃত নিরাপদ আশ্রয়স্থল ও ঘাঁটি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য টিটিপি ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ইসলামাবাদ।
যদিও টিটিপি আফগান তালেবান থেকে পৃথক একটি সংগঠন, তবুও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ এই অভিযান দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলার একদিন পরই সীমান্তে এই সামরিক অভিযান চালানো হয়। ওই হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় আটক হন। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তি আফগান নাগরিক।
এদিকে, শনিবার রাতে জামাত-উল-আহরার নামের একটি সংগঠন করাচির হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি টিটিপির একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত।
গত তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের ভেতরে এটি পাকিস্তানের দ্বিতীয় বিমান হামলা। এর আগে ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে একাধিক দফায় সীমান্ত সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের হামলার জবাবে আফগানিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। এসব সংঘর্ষে ইতোমধ্যে শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আল জাজিরা








