Logo

ভোরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ৩ ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১১:৪০
ভোরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ৩ ভূমিকম্প
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের তিনটি অঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে পৃথক তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে এসব কম্পন রেকর্ড করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

তৃতীয় ভূমিকম্পটি বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেটির কেন্দ্রও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

এ ছাড়া, সোমবার ভোরে যে এলাকায় মণিপুরে ভূমিকম্প হয়েছে, তার কাছাকাছি এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার একটি ভূমিকম্পও আঘাত হেনেছিল। এখন পর্যন্ত এসব ভূমিকম্পের কারণে কোনো ধরনের প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনসিএস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD