লেবাননে হিজবুল্লাহর ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংস করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। রবিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, ধ্বংস হওয়া স্থাপনাটি ছিল প্রায় ৬৫৬ ফুট দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যা দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় অবস্থিত। ইসরায়েলের দাবি, সুড়ঙ্গটি হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে অস্ত্রভান্ডার রাখা ছিল। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে ২৭ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও লেবানন। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল, সীমান্তের লেবানন অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বিজ্ঞাপন
তবে চুক্তিতে আরও উল্লেখ ছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত সীমান্তের কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকতে পারে। সেই প্রেক্ষাপটেই রোববার গভীর রাতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সোমবার ভোরে এক বিবৃতিতে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, মাজদাল জৌনে ইসরায়েলি বাহিনীর এই অভিযান ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।
বিজ্ঞাপন
হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম সীমান্ত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ হিসেবে উল্লেখ করে বলেন, লেবানন ও দেশটির জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর রয়েছে এবং এ অবস্থান থেকে তারা সরে আসবে না।
সূত্র: রয়টার্স








