জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য নতুন বেতনসহ ছুটি

কমতে থাকা জন্মহার বাড়ানোর উদ্যোগ হিসেবে মা ও বাবা—উভয়ের জন্যই নতুন বেতনসহ ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। বুধবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার এ সংক্রান্ত নতুন নীতির ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালে বন্ধ্যাত্ব মোকাবিলা এবং ধারাবাহিকভাবে কমতে থাকা জন্মহার বৃদ্ধির লক্ষ্যে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সে সময় তিনি বলেছিলেন, এই উদ্যোগ ফ্রান্সের জনমিতিক ভারসাম্য পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা চার মাসের কিছু কম সময় বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, বাবাদের জন্য সন্তান জন্মের পর নির্ধারিত ছিল ২৮ দিনের ছুটি। নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা নিজেদের মধ্যে ভাগ করে অতিরিক্ত এক থেকে দুই মাস পর্যন্ত ছুটি নিতে পারবেন।
বিজ্ঞাপন
নতুন বিধান অনুযায়ী, অতিরিক্ত ছুটির প্রথম মাসে অভিভাবকরা তাদের মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া শিশুদের বাবা-মায়ের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। এছাড়া দত্তক নেওয়া সন্তানের অভিভাবকরাও একই সুবিধার আওতায় থাকবেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও প্রজনন হার ধারাবাহিকভাবে কমছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সে মৃত্যুর সংখ্যা জন্মের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ ঘটনাকে দেশটির জনসংখ্যাগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
তবে নতুন এই নীতিকে যথেষ্ট নয় বলে মনে করছে ফ্রান্সের নারী অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন। তাদের মতে, এই সংস্কার লিঙ্গসমতা প্রতিষ্ঠায় খুব বেশি কার্যকর হবে না। কারণ পরিবারে যিনি তুলনামূলক কম আয় করেন, অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা তারই বেশি থাকবে।
সূত্র: এএফপি








